শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সরকার অনুমোদিত কার্ড সার বিক্রেতাদের অবস্থান বহাল রাখা এবং সার সংক্রান্ত বিদ্যমান নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘খুচরা সার্বিক নেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ‘ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জেলা ও উপজেলার কয়েক খুচরা সার বিক্রেতা এতে অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ। বক্তারা অভিযোগ করেন, খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করার ফলে সারা দেশের প্রায় ৪৪ হাজার বিক্রেতা এবং তাদের পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে।
তারা জোর দিয়ে বলেন, কৃষি খাতের তৃণমূল পর্যায়ে সার পৌঁছে দিতে খুচরা বিক্রেতাদের ভূমিকা অনস্বীকার্য। তাই ‘সার নীতিমালা ২০২৫ এর পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রেখে খুচরা বিক্রেতাদের পূর্বের ন্যায় বহাল রাখার দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।