
নীলফামারীতে অটো রাইস মিলের শ্রমিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রোববার (১ ফেব্রুয়ারি) সদর উপজেলার আজিজুল হক অটো রাইস মিলে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, শ্রমিকরা দেশের উৎপাদন ব্যবস্থার মূল শক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হলে সবার আগে তাদের কথা শুনতে হবে এবং বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে হবে।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ওয়াহেদ সরকার, আজিজুল হক অটো রাইস মিলের চেয়ারম্যান আজিজুল হক, অভিজাত গ্রুপের চেয়ারম্যান সামসুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।