শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ময়মনসিংহ গফরগাঁও উপজেলা পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর গ্রামে নিজ বসতবাড়িতে সশস্ত্র হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর স্ত্রী। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গয়েশপুর এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোছাঃ রুজি আক্তার (৩৭)।সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্বামী দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত। তিনি নিজ উদ্যোগে ছোট বড়াই এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির নির্মাণ কাজ শুরু করলে একটি সংঘবদ্ধ চক্র তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা তার পরিবারের প্রতি শত্রুতামূলক আচরণ শুরু করে।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে মোঃ আজহারুল ইসলাম, মোঃ জহিরুল ইসলামসহ নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা বাড়ির মূল ফটক বন্ধ করে পুনরায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করে আহত করা হয়।তিনি আরও বলেন, হামলাকারীরা ঘরের আলমারি, ওয়ারড্রোব ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে আলমারিতে রাখা নগদ ১০ লাখ টাকা, তার ও দুই কন্যার ৮ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা) এবং নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, স্থানীয়দের এগিয়ে আসতে দেখলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অভিযুক্তরা প্রভাবশালী ও হিংস্র হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সর্বাত্মক হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও একাধিক স্বাক্ষী উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে পাগলা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।