শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল চুরির সময় সজীব (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (০৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেন্দুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতের পরিচয়: আটক সজীব নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের সুলতান মিয়া ও ফেরদৌসা বেগমের ছেলে।
ঘটনার বিবরণ: ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফফরপুর ইউনিয়নের বটতলা গ্রামের হাই স্কুল শিক্ষক সুব্রত চন্দ্র শীল শান্তিবাগ এলাকায় তার বোনের বাসায় বেড়াতে আসেন। তিনি তার ব্যবহৃত ‘হিরো স্প্লেন্ডার’ মোটরসাইকেলটি রেখে বোনের জন্য আনা বাজারের প্যাকেট ঘরে দিতে যান। মাত্র এক-দুই মিনিট পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই।
তৎক্ষণাৎ তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় এক পথচারী নারী জানান, এক যুবক একটি মোটরসাইকেল স্টার্ট না দিয়ে ঠেলে উত্তর থেকে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে শিক্ষক সুব্রত ও স্থানীয়রা ধাওয়া করলে চোর মোটরসাইকেলটি ফেলে রেখে একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী চারপাশ থেকে ঘিরে ফেলে তাকে আটক করে।
পুলিশি তৎপরতা: আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজীবকে তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব চুরির ঘটনায় তার আরও এক সহযোগীর নাম প্রকাশ করেছে বলে জানা গেছে।
বর্তমান অবস্থা: এ বিষয়ে কেন্দুয়া থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, চোর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিক্ষকের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সজীবের দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগীকে ধরতেও অভিযান শুরু হয়েছে।.