শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
মেলান্দহে গৃহবধূকে উত্যক্ত ও হুমকির অভিযোগ মারুফ হাসানের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ শাহনাজ আক্তার মিলিকে উত্যক্ত ও হুমকির অভিযোগ উঠেছে মোঃ মারুফ হাসান (২৬) ওরফে লুচ্চা মারুফের বিরুদ্ধে। সম্প্রতি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, পার্শ্ববর্তী এলাকার এক যুবক ও তার সহযোগীর দ্বারা তিনি দীর্ঘদিন ধরে হয়রানি ও ভয়ভীতির শিকার হয়ে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় অভিযুক্ত মোঃ মারুফ হাসান (২৬), (পিতা- হরমোজ, মাতা-মোছাঃ মনেজা বেগম) বিভিন্ন অশালীন ইঙ্গিত ও অনৈতিক প্রস্তাবের মাধ্যমে অভিযোগকারীকে উত্যক্ত করেন। এ সময় তার সহযোগী হিসেবে অভিযুক্ত জিহাদ হাসান (২৪), (পিতা-মোঃ শামছুল হক, মাতা-মোছাঃ হাসনা বেগম) উপস্থিত ছিলেন। অভিযোগকারী প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন করেন।
পরবর্তীতে বিষয়টি অভিযোগকারীর স্বামী অভিযুক্তদের পরিবারের কাছে জানালে তারা শাসনের আশ্বাস প্রদান করলেও কার্যত কোনো প্রতিকার পাওয়া যায়নি। এর ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার সময় অভিযুক্তরা পুনরায় অভিযোগকারীর বাড়ির সামনে উপস্থিত হয়ে তাকে একা পেয়ে মারধর ও হত্যার হুমকি প্রদান করেন। তারা অভিযোগকারী ও তার পরিবারের প্রতি ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনার পর থেকে অভিযোগকারী চরম মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগকারী উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।