শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল পৌনে ৫টায় বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা চত্বরে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা তমিজ উদ্দিন, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান তানিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়ামুর রহমান,মোঃ নাজমুল হাসান এনসিপি নেতা ইয়াছির আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে ঘটনার গোড়া থেকে তদন্ত করতে হবে এবং এর প্রকৃত রহস্য জনসম্মুখে শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে।