শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই যুবকের মধ্যে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ একে অপরের মুখোমুখি হয়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের নাজমুল ও ব্যাঙাডোবা গ্রামের তানজিল একই কোম্পানিতে কর্মরত। শনিবার কাজ শেষে কোম্পানির গেটের সামনে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে তাদের মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা চলছিল।
রবিবার দুপুরে নোয়াপাড়া বাজারে আবারও তর্ক-বিতর্ক শুরু হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এর জেরে ইটাখোলা ও ব্যাঙাডোবা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা সংঘর্ষে ধাওয়া–পাল্টাধাওয়া ও ভাঙচুরে নোয়াপাড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নোয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হচ্ছে।
তবে সংঘর্ষে আহতের সঠিক সংখ্যা এখনো সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। স্থানীয়দের দাবি, আহতের সংখ্যা অর্ধশতের চেয়েও বেশি হতে পারে।