শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল থেকে প্রায় এক হাজার রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ।
শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া এ কার্যক্রম উদ্বোধন করেন।
রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ও চরমোহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জে এড নাজমুল ইসলাম মিঠু এই আয়োজন করেন। এতে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ৪টি বুথে ৭ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
জানা গেছে, চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু প্রায় দীর্ঘ ২৫ বছর ধরে ক্যাম্পের মাধ্যমে গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে আসছেন। রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নে মাইকিং ও লিফলেটের মাধ্যমে এই ক্যাম্পের প্রচারণা চালানো হয়। এতে বিভিন্ন বয়সের এক হাজার মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং তাদেরকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।
এছাড়া শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এবং তাদের চাঁদপুর মাজহারুল হক বিএমএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে ।
এবিষয়ে চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু জানান, প্রান্তিক জনগণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমার এ আয়োজন। রাজনীতির পাশাপাশি মানবিক কাজ নিজেকে সম্পৃক্ত রেখেছি । মানুষের জন্য কিছু করতে পারলে আত্মতৃপ্তি অনুভব করি । আমি শুধু চক্ষু ক্যাম্প নয়, বহু মানবিক কাজ করে আসছি। ভবিষ্যতেও মানুষের সেবার জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।