শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
মোহাম্মদ আলী সানুঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার প্রায় ২০টি পরিবার আজ মানবেতর জীবন যাপন করছেন। মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ আব্দুল গাফফার চাঁদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই সব পরিবারের একমাত্র চলাচলের পথটি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের পাশ ঘেঁষে ব্যবহৃত হয়ে আসছিল।
কিন্তু সম্প্রতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি মার্কেট ও বাথরুম নির্মাণ হওয়ায় ওই পথটি কার্যত বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষসহ একটি ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ নেমে আসে।
অভিযোগে বলা হয়, সাবেক চেয়ারম্যান চলাচলের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের জায়গা থেকে ৮ ফিট জমি বরাদ্দ দিয়ে ছিলেন। কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ও সাবেক ছাত্রলীগ ডিমলা উপজেলা সভাপতির হস্তক্ষেপে সেই পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এলাকাবাসী পাশের এক ব্যক্তির (জনৈক বড়বাবু) নিজস্ব জমি দিয়ে যাতায়াত করতেন। বর্তমানে সেই জমিতেও স্থাপনা নির্মিত হওয়ায় এলাকাবাসীর সামনে আর কোনো বিকল্প পথ অবশিষ্ট নেই।
মোঃ আব্দুল গাফফার চাঁদ বলেন, “আমরা এখন পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে আছি, ইউনিয়ন পরিষদের টয়লেট এর সেপটিক ট্যাংক এর উপর দিয়ে জীবনের ঝুঁকি ও সন্তানয়াদি নিয়ে চলাচল করছি। এমন একটি স্বাধীন দেশে বসবাস করেও চলাচলের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের অনুরোধ—ইউনিয়ন পরিষদের মার্কেটের জায়গা থেকে পূর্বের ন্যায় অন্তত ১০ ফিট জায়গা চলাচলের জন্য উন্মুক্ত করে দিন।”
এলাকাবাসীর দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেন, যাতে অন্তত চলাচলের মৌলিক অধিকার ফিরে পায় সাধারণ জনগণ।