ডিবির বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
মোঃসবুজ স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি ল্যাপটপ, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার কোনাখালী চরপাড়া এলাকার মৃত ফিরোজের ছেলে মোঃ হামিদ (৩৬); কোনাখালী এলাকার মৃত বদি আলমের ছেলে মোঃ আলম আলমগীর (২৮); একই এলাকার মৃত মোক্তার আহম্মেদের ছেলে মোঃ কাউছার (৩২); কোনাখালী চরপাড়া এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে মোঃ রুবেল (২৬) এবং পেকুয়া থানার সিকদারপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রিয়াজ উদ্দিন রানা (২৪)। তাদের সবাই বর্তমানে সাভার এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি সিলভার রঙের HP ProBook ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে চারটি মামলা রয়েছে। এছাড়া মোঃ কাউছারের বিরুদ্ধে একই ধরনের অপরাধে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।