প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
সবার আগে বাংলাদেশ, আমার পুলিশ আমার দেশ” স্লোগানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সবার আগে বাংলাদেশ, আমার পুলিশ আমার দেশ”— এই প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বাদ আসর নাউতারা ফুটব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এলাকার সাবেক নাউতারা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাউতারা ইউনিয়ন শাখার আমীর মোজাম্মেল হক, উপজেলা তাঁতী দলের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, সেক্রেটারি অধ্যক্ষ আমিনুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন নাউতারা বিটের সাব-ইন্সপেক্টর আবুল কালাম, ঠাকুর দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম জনগণ ও পুলিশের মধ্যে আস্থা, বিশ্বাস এবং সহযোগিতার সেতুবন্ধন তৈরি করেছে, যা একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শওকত আলী সরকার বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। ধর্ষণ, ছিনতাই, চুরি, মারামারি ও নানা ধরনের অপরাধের পেছনে মাদকের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি উপস্থিত জনসাধারণের মাঝে তাঁর অফিসিয়াল মোবাইল নম্বর বিতরণ করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানান। পাশাপাশি মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন অলিয়ার রহমানসহ আরও অনেকে। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, সুস্থ ও নিরাপদ সমাজ উপহার দিতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতিটি নাগরিকের সহযোগিতায়ই মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ