
দিনাজপুরে অটো রাইস মিলগুলোর পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অটো রাইস মিল থেকে নির্গত কালো ধোঁয়া, ছাই ও বিষাক্ত বায়ুর কারণে আশপাশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
বক্তারা বলেন, শুধু বায়ুদূষণ নয়, মিলের বর্জ্যের কারণে পানি ও কৃষিজমির মাটিও দূষিত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দদূষণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা আরও বলেন, শিল্প ও উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে পরিবেশ ও জনস্বাস্থ্য ধ্বংস করে কোনো উন্নয়ন গ্রহণযোগ্য হতে পারে না।
দিনাজপুর পরিবেশ আন্দোলনের সংগঠক মো. রেজাউল ইসলাম বলেন, “অটো রাইস মিলগুলোর দূষণে দিনাজপুরের পরিবেশ দিন দিন হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ প্রভাব পড়বে জনস্বাস্থ্যের ওপর।”
মানববন্ধন থেকে বক্তারা পরিবেশ আইন অমান্যকারী অটো রাইস মিলগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রতিটি মিলে কার্যকর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা, পরিবেশগত ছাড়পত্র ও ফায়ার সেফটি নীতিমালা কঠোরভাবে যাচাই এবং আবাসিক এলাকার নিকটে দূষণকারী মিল পরিচালনা বন্ধের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দিনাজপুরের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক সংকটে পড়বে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সচেতন নাগরিক ও পরিবেশবাদীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ আন্দোলনের সংগঠক মোস্তফা আইয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||