প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে কৃষিজমি ধ্বংস করে প্রকাশ্যে চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য। চকের মাঝখানে দিনের পর দিন নির্বিঘ্নে মাটি কাটা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন—এমন অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর ছত্রছায়ায় মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে উর্বর ধানি জমি ধ্বংস হয়ে পড়ছে চরম হুমকির মুখে। একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বন্ধ হয়নি এই অবৈধ কর্মকাণ্ড।
অভিযোগ রয়েছে, ভূমি অফিসের সামনেই ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটা হলেও রহস্যজনক কারণে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে আটিগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুশীল মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি।
পরবর্তীতে অফিস সহকারী মোঃ অসীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,
“আমরা গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছি। প্রয়োজন হলে আবারও গিয়ে বন্ধ করে দেওয়া হবে।”
তবে স্থানীয়দের ভাষ্য ভিন্ন। তাদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন,
“ভূমি অফিসের চোখের সামনেই মাটি কাটা হচ্ছে, অথচ তারা অন্ধের মতো বসে থাকে। এভাবে চলতে থাকলে অচিরেই কৃষিজমি বিলীন হয়ে যাবে।”
এদিকে অবৈধভাবে মাটি কাটার ফলে এলাকার পরিবেশ ও কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন সচেতন মহল। তারা দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন বলেন,
“অভিযোগ পেয়েছি। এসিল্যান্ডকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য বন্ধ হবে এবং কৃষিজমি রক্ষা পাবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ