শরীয়তপুরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন উন্নয়নমুলক ও জনকল্যাণমুলক কর্মসুচির বাস্তবায়ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস, শরীয়তপুর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। ব্রিফিংয়ে জানানো হয়,ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দরিদ্র ও ঝুঁকিপ‚র্ণ পরিবারকে নিয়মিত নগদ সহায়তা প্রদান করা হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবারের নারীর নামে কার্ড ইস্যু করা হবে। প্রথম ধাপে ১০ হাজার পরিবারকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া কৃষকদের জন্য চালু করা হচ্ছে ১৪ ডিজিটের ইউনিক কৃষক কার্ড। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকি, সেচ সুবিধা, কৃষি বীমা ও বাজারসংক্রান্ত তথ্য পাবেন। আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল ও জলাধার খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস ও ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী কর্মসূচির বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসিনা বেগম, তানভীর, ইলোরা ইয়াসমিন, শাহিন মিয়া এবং এস.এম. আনোয়ারুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় শরীয়তপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||