পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মুগদা থানার (এএসআই) মোঃ আমিরুল ইসলামকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ তথা আইজিপি পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পুলিশ সপ্তাহের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয় এএসআই আমিরুল ইসলামের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, এএসআই আমিরুল ইসলাম গত এক বছরে মুগদা থানা এলাকায় বেশ কয়েকটি বড় মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করেন। একইসঙ্গে দীর্ঘদিন পলাতক থাকা একাধিক ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসীকে ঝুঁকি নিয়ে গ্রেফতার করতে সক্ষম হন। বিশেষ করে একটি অপারেশনে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রধারী মাদক কারবারিকে আটক করে তিনি সাহসিকতার পরিচয় দেন।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এএসআই মোঃ আমিরুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়, মুগদা থানার সকল সহকর্মীর। আইজিপি স্যারের হাত থেকে পদক পাওয়া আমার পেশাগত জীবনের সবচেয়ে বড় অর্জন। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার কারণে এএসআই আমিরুল ইসলাম ইতোমধ্যেই থানা এলাকায় একজন চৌকস ও মানবিক পুলিশ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন।
প্রতি বছর পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যদের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)’ এবং আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||