পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১৩ মণ ফাইসা ও বাটা মাছের রেনু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাছের রেনু পাচারের অভিযোগে ৭ জন পাচারকারীকে আটক করা হয়।
রোববার (১০ মে ২০২৬) আনুমানিক দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে মাছের রেনু সংগ্রহ ও পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদী ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||