খুলনা জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি কয়রা ও পাইকগাছা উপজেলার জন্য ১৫০-২০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন।
শনিবার খুলনায় এক সভায় মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কয়রা-পাইকগাছা একটি দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চল। এখান থেকে মুমূর্ষু রোগীকে খুলনা শহরে নিয়ে চিকিৎসা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। গুরুতর অসুস্থ রোগীর জন্য দ্রুত উন্নত চিকিৎসা, জরুরি বিভাগ ও আইসিইউ সুবিধা জরুরি, যা বর্তমানে কয়রা-পাইকগাছায় নেই।
মনিরুল হাসান বাপ্পি বলেন, "এই অবহেলিত অঞ্চলের লাখো মানুষের জীবন বাঁচাতে একটি বিশেষায়িত হাসপাতাল সময়ের দাবি। ১৫০ থেকে ২০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল হলে এখানকার মানুষকে আর চিকিৎসার জন্য দূরে ছুটতে হবে না।"
সভা সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উক্ত দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন, যাতে কয়রা-পাইকগাছা অঞ্চলে শিগগিরই একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সুবিধার অভাবে ভুগছেন। বর্ষা মৌসুমে নদীপথ নির্ভর এ দুটি উপজেলা থেকে খুলনা মেডিকেলে পৌঁছাতে ৫-৬ ঘণ্টাও লেগে যায়। নতুন হাসপাতাল হলে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও দুর্ঘটনাজনিত মৃত্যুহার কমবে বলে আশা করছেন এলাকাবাসী।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||