প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
মা” না বলা কষ্টের এক অনন্ত নাম

পৃথিবীর প্রতিটি সম্পর্কের পেছনে কোনো না কোনো স্বার্থ, প্রত্যাশা কিংবা শর্ত লুকিয়ে থাকে।
শুধু একজন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবেসে যান সারাজীবন তিনি মা।
মা এমন এক শব্দ, যার ভেতরে লুকিয়ে আছে হাজারো ত্যাগ, নির্ঘুম রাত, নীরব কান্না আর অব্যক্ত ভালোবাসার ইতিহাস। সন্তানের সামান্য কষ্টেও যে মানুষটি ভিতরে ভিতরে ভেঙে পড়েন, অথচ মুখে হাসি ধরে রাখেন, তিনি মা। নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ার নামই যেন মাতৃত্ব।
আজ বিশ্ব মা দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে মায়েদের নিয়ে অসংখ্য ছবি, শুভেচ্ছা আর আবেগঘন শব্দের ভিড়। কিন্তু এই ভিড়ের মাঝেও কত মা আজ নিঃসঙ্গ! কত মা সন্তানের ব্যস্ততার কাছে হারিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। বৃদ্ধ বয়সে যে মায়ের কাঁধে মাথা রেখে সন্তান একসময় নিশ্চিন্তে ঘুমিয়েছে, আজ সেই মা-ই অপেক্ষা করেন একটি ফোনকলের জন্য, একটুখানি সময়ের জন্য।
সময় বদলেছে, মানুষ বদলেছে, সম্পর্কের সংজ্ঞাও বদলে গেছে।
কিন্তু বদলায়নি শুধু মায়ের ভালোবাসা।
মা কখনো নিজের কষ্টের হিসাব রাখেন না। সংসারের অভাব, জীবনের শত দুঃখ, অসুস্থ শরীর সবকিছু আড়াল করে সন্তানের মুখে হাসি ফোটাতেই তিনি ব্যস্ত থাকেন। অথচ সেই মায়ের চোখের জল আমরা অনেক সময় দেখেও দেখি না।
সবচেয়ে নির্মম সত্য হলো মানুষ মায়ের মূল্য সবচেয়ে বেশি বোঝে তখন, যখন মা আর পাশে থাকেন না। তখন হাজার ডাকেও “মা” বলে আর কাউকে পাওয়া যায় না। পৃথিবীর সব শূন্যতা হয়তো কোনো না কোনোভাবে পূরণ করা যায়, কিন্তু মায়ের শূন্যতা কখনো পূরণ হয় না।
মা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি হওয়া উচিত আত্মসমালোচনার একটি দিন। যে মানুষটি নিজের পুরো জীবন আমাদের জন্য উৎসর্গ করেছেন, তার প্রতি দায়িত্ব, ভালোবাসা ও সম্মান প্রকাশের দিন। কারণ পৃথিবীতে মায়ের চেয়ে বড় আশ্রয়, বড় দোয়া এবং বড় সম্পদ আর কিছুই নেই।
যাদের মা বেঁচে আছেন, তারা যেন মায়ের হাতটা শক্ত করে ধরে রাখেন। কারণ সময় একবার চলে গেলে, আর ফিরে আসে না।
আর যাদের মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের জন্য রইলো গভীর দোয়া মহান আল্লাহ যেন সকল মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ