প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ

মানবজীবনের প্রথম কবিতা “মা”, প্রথম আশ্রয় “মা”, প্রথম ভালোবাসার নামও “মা”।
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোমল মানবিকতার গভীরে যে মমতার আলো জ্বলজ্বল করে, তার মূলেও রয়েছেন একজন মা।
রবীন্দ্রনাথ যেন বলেছিলেন মায়ের মুখের হাসির মাঝেই শিশুর প্রথম স্বর্গ লুকিয়ে থাকে।
আর নজরুলের ভাষায়, পৃথিবীর সকল শক্তি ও সাহসের উৎস যেন মায়ের দোয়া।
আজ বিশ্ব মা দিবসে দাঁড়িয়ে মনে হয়, আধুনিকতার ব্যস্ত নগরসভ্যতায় আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি সেই মানুষটিকে, যিনি নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে দেন। যে মা সন্তানের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য নিজের চোখের জল গোপন রাখেন, তিনি কখনো প্রতিদান চান না চান শুধু সন্তানের ভালো থাকা।
মা আসলে এক নিঃশব্দ মহাকাব্য।
যেখানে ত্যাগ আছে, অপেক্ষা আছে, আছে অজস্র নির্ঘুম রাতের ইতিহাস। সন্তানের সামান্য অসুস্থতায় যে নারী সারা রাত জেগে থাকেন, নিজের কষ্ট ভুলে যিনি সন্তানের কষ্টকে বুকে আগলে রাখেন, তিনিই মা।
কাজী নজরুল ইসলাম তাঁর লেখায় বারবার মমতা, সাম্য ও মানবিকতার কথা বলেছেন। সেই মানবিকতার সবচেয়ে নির্মল রূপ হলো মাতৃত্ব। অন্যদিকে রবীন্দ্রনাথের সৃষ্টিতে মা যেন শান্তির প্রতীক এক চিরসবুজ বটবৃক্ষ, যার ছায়ায় ক্লান্ত প্রাণ আশ্রয় খুঁজে পায়।
কিন্তু সময়ের নির্মম বাস্তবতায় আজ কত মা একাকী! যে সন্তানের জন্য জীবনভর সংগ্রাম করেছেন, বৃদ্ধ বয়সে সেই সন্তানের ব্যস্ততার ভিড়ে অনেক মা হারিয়ে যাচ্ছেন নিঃশব্দে। কেউ অপেক্ষা করেন একটি ফোনকলের, কেউবা সন্তানের একটুখানি সময়ের জন্য।
সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো মানুষ মায়ের মূল্য সবচেয়ে বেশি বোঝে তখন, যখন মা আর পৃথিবীতে থাকেন না। তখন হাজার মানুষের ভিড়েও “মা” বলে ডাকার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর সব শূন্যতা পূরণ করা গেলেও, মায়ের শূন্যতা কখনো পূরণ হয় না।
বিশ্ব মা দিবস কেবল আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর দিন নয় এটি হওয়া উচিত আত্মবিশ্লেষণের দিন। যে মানুষটি নিজের জীবন নিঃশেষ করে আমাদের জীবন আলোকিত করেছেন, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশের দিন।
আজকের এই দিনে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
যাদের মা বেঁচে আছেন, তারা যেন মায়ের হাতটা শক্ত করে ধরে রাখেন। আর যাদের মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, মহান আল্লাহ যেন তাঁদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
কারণ মা শুধু একটি শব্দ নয়, মা মানেই এক অনন্ত ভালোবাসার নাম।