প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
পরীক্ষার দায়িত্বে অবহেলা: কক্ষে ডিউটি ফেলে বেঞ্চে ঘুমাচ্ছিলেন শিক্ষক, ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কুতুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন
পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে ডিউটি না করে বেঞ্চের ওপর তিনি ঘুমিয়ে থাকেন। এ ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
শনিবার (০৯ মে) সকাল আনুমানিক ১১টা ৩৮ মিনিটে বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চন্দ্র রায়কে পরীক্ষার কক্ষে দায়িত্ব পালন না করে বেঞ্চের ওপর শুয়ে ঘুমাতে দেখা যায়। উপস্থিত সাংবাদিক এ দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
অভিযোগ রয়েছে, সাংবাদিকরা ছবি তুলতে গেলে বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক
ওমর আল জাবির (রফিক) ছবি ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়াও অভিযোগ উঠেছে, ওই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক রফিকসহ কয়েকজন শিক্ষক অফিসকক্ষে বসে গল্প করছিলেন। ফলে পরীক্ষার সময় শিক্ষার্থীদের তদারকিতে চরম অবহেলা দেখা দেয় বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সচেতন মহল বলছেন, কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার সময় শিক্ষকদের এমন দায়িত্বহীন আচরণ অত্যন্ত দুঃখজনক। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসের সরকারি শিক্ষা কর্মকর্তা আবু নাসের বলেন,
“বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন,
“পরীক্ষার সময় দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিভাবকরা শিক্ষকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ