গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালন করে চলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ইতোমধ্যে একাধিক ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। নিয়মিত টহল কার্যক্রম জোরদার করায় শহর ও গ্রামের অলিগলিতেও পুলিশের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসী জানান, আগে যেখানে বিভিন্ন স্থানে অপরাধীদের দৌরাত্ম্য ছিল, এখন সেখানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নিয়মিত টহল ও অভিযানের কারণে অপরাধীরা অনেকটাই আতঙ্কে রয়েছে।
ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান নিজেও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সরাসরি অভিযান পরিচালনা করছেন। তিনি জানান, “মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় গোপালগঞ্জকে অপরাধমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জবাসীর সহযোগিতা পেলে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে বহু চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধেও তিনি সচেতন ভূমিকা পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি স্থানীয় জনগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন।
সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান এর নেতৃত্বে গোপালগঞ্জ একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশাসনভিত্তিক অঞ্চলে পরিণত হবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||