প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
দেবীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা ।

দেবীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
মোঃ ফারুক হোসেন, দেবীগঞ্জ প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন ও নতুনহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
অভিযানকালে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বাজারের একটি মুদি দোকানে প্রতি লিটার পেট্রোল ও অকটেন ২৫০ টাকায় বিক্রির অভিযোগে ফয়জলপাড়ার মো. নাজমুল হোসেন (৩৮)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অতিরিক্ত দামে বিক্রিকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও উপস্থিত সবার সামনে ন্যায্যমূল্যে তেল বিক্রি নিশ্চিত করা হয় এবং অতিরিক্ত আদায় করা টাকা ফেরত দেওয়া হয়।
একই দিনে নতুনহাট এলাকায় মেসার্স রুকুমণি ভ্যারাইটিজ স্টোরের মালিক মো. রেজাউল ইসলামকে ডিজেল বেশি দামে বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় একটি মিনি পেট্রোল পাম্পের মালিক আলামিন দোকান বন্ধ করে পালিয়ে যান। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় দোকানে জ্বালানি মজুদের বিষয়টি তদন্তের জন্য স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দেওয়া হয় এবং গ্রাম পুলিশকে নজরদারিতে রাখা হয়েছে।
অভিযানে উপজেলা অফিসের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, এলাকায় জ্বালানি তেলের সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যদিও খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে, তবে সরবরাহ কম থাকায় যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে । কিছু পাম্পে আবার তেলের স্টকও পাওয়া যাচ্ছে না, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ