আশুলিয়া ৫ জানুয়ারি, ২০২৬
সাভারের আশুলিয়া ও এর আশপাশের এলাকায় কোনো ঘোষণা ছাড়াই রাতারাতি এলপিজি গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। সিন্ডিকেটের কারসাজিতে ১২০০ টাকার বোতল বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। হঠাৎ এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন এই শিল্পাঞ্চলের কয়েক লাখ পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ।
শ্রমজীবী মানুষের নাভিশ্বাস
সোমবার সকালে আশুলিয়ার জামগড়া, বাইপাইল, নরসিংহপুর ও জিরাবো এলাকার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, গতকাল পর্যন্ত যে গ্যাস সিলিন্ডার ১২০০-১২৫০ টাকায় বিক্রি হয়েছে, আজ তা ১০০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।
পোশাক শ্রমিকরা জানান, বেতন পাওয়ার আগেই জ্বালানির পেছনে এভাবে বাড়তি হাজার টাকা খরচ হয়ে গেলে তাদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়বে। অনেক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের খবর নেওয়ার কেউ নেই। হঠাৎ করে এক রাতে ৮০০-১০০০ টাকা দাম বেড়ে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়।"
কৃত্রিম সংকটের অভিযোগ
খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি পর্যায়ে অর্থাৎ ডিলারদের কাছ থেকে তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। ডিলাররা বাড়তি দাম ছাড়া গ্যাস ছাড়ছেন না। অন্যদিকে, সাধারণ ভোক্তাদের অভিযোগ—অসাধু ব্যবসায়ীরা গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করছে যাতে চড়া দামে বিক্রি করা যায়।
সিন্ডিকেটের থাবা
আশুলিয়ার সাধারণ ভোক্তারা বলছেন, কোনো ধরণের সরকারি নির্দেশনা বা ঘোষণা ছাড়াই এই মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অবৈধ। ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের পকেট কাটছে।
দ্রুত হস্তক্ষেপের দাবি
আশুলিয়ার সাধারণ জনতা এবং সচেতন নাগরিক সমাজ স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যেন অবিলম্বে বাজার মনিটরিং শুরু করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||