পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বিলুপ্তপ্রায় ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রির দায়ে তিনজন মাছ ব্যবসায়ীকে লঘু শাস্তি প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) ইন্দুরকানী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোষী সাব্যস্ত তিন ব্যবসায়ীকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪ ধারায় প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে রাখা নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ মানবিক বিবেচনায় স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, টিএন্ডটি মোড় মাদ্রাসায় এবং কালাইয়া এলাকার ময়েনউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। অভিযানে ইন্দুরকানী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা তথ্য প্রদান ও ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান বাস্তবায়নে সহায়তা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ একটি বিলুপ্তপ্রায় জলজ প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এ মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।
স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল মনে করছেন, নিষিদ্ধ মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান প্রয়োজন হলেও দণ্ড আরও কঠোর হলে এ ধরনের অপরাধ কমে আসবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||