ঢাকার দোহার উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে উপজেলার খামারীদের নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার জয়পাড়া বড় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে একটি র্যালি বের করে জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাঈদুল ইসলাম বলেন, এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রাণিসম্পদের এই প্রদর্শনী মেলা জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশা করছি। পাশাপাশি এই উপজেলায় কী ধরনের পশু পাখি আছে মেলায় সেগুলো প্রদর্শনের মাধ্যমে জনসাধারণ এসব পশু পাখি পালনে উৎসাহিত হবেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, ক বুতরসহ বছিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে প্রদর্শনী মেলায় বিভিন্ন স্টলে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেন। মেলায় অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তুরাজ, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুল সাত্তার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||