পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জলাবদ্ধতা নিরসন ও মশা-মাছির উপদ্রব কমাতে নীলফামারীর ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শুরু হয়েছে গাছের ডাল ছাঁটাই, ড্রেন সংস্কার ও আগাছা পরিষ্কার অভিযান।
এই অভিযানে অংশ নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ড্রেনের পাশ থেকে আগাছা, বর্জ্য ও নোংরা পানি অপসারণ করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত বড় হয়ে যাওয়া গাছের ডাল ছাঁটাই করে আলো-বাতাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন,
“এই অভিযানের মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা। ড্রেন পরিষ্কার ও আগাছা অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ সহজ হবে এবং মশা-মাছির উপদ্রব অনেকটাই কমে আসবে।” তিনি আরও বলেন,
“ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কাজ শুধুমাত্র নদী ও খাল রক্ষণাবেক্ষণ নয়, বরং এলাকার সার্বিক পরিবেশ উন্নয়ন। এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আমরা নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে চাই।”
উপবিভাগীয় প্রকৌশলী সালামত ফকির বলেন,
“ডালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আগাছা ও নোংরা পানির সমস্যা দূর করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। গাছের ডাল ছাঁটাই, ড্রেন সংস্কার এবং আগাছা পরিষ্কার—সব মিলিয়ে এটি একটি টেকসই পরিবেশ রক্ষার পদক্ষেপ।”
উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন,
“অভিযানের প্রতিটি ধাপে আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। গাছের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি জনগণের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
অফিসের সকল কর্মচারিগনের স্বতঃস্ফূর্ত কর্মচঞ্চলতার ফলে এই উদ্যোগে সড়ক, খাল ও ড্রেনের আশেপাশে পরিচ্ছন্নতা দৃশ্যমান হয়েছে। আলো-বাতাস চলাচল বেড়েছে এবং আগের তুলনায় মশা-মাছির উপদ্রব কমে এসেছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, পানি উন্নয়ন বোর্ডের এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে গেলে ডালিয়া আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত একটি অঞ্চল হিসেবে গড়ে উঠবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||