আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০:০০ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমীর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া (সাঙ্গু) সাংগঠনিক থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা শাখার নায়েবে আমীর মোঃ শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শামছুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব এবং সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কন্যাশিশু ও অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসীন হবে। তাই তাদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলা রোধে পরিবার ও সমাজের ভূমিকা অপরিহার্য।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে এবং পরিবার থেকেই তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের মা। একজন আদর্শ মা গড়ে তুলতে পারে শিক্ষিত পরিবার ও নেতৃত্বদানে পারদর্শী সন্তান। তাই কন্যাশিশুদের ভালোবাসা, যত্ন ও উৎসাহ দিয়ে বড় করতে হবে, যাতে তারা নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা পেলে কন্যাশিশুরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||