
এ বি অপু:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারত থেকে তিনটি পৃথক সীমান্ত পথে পুশইনের মাধ্যমে ৬৮ জন বাংলাদেশিকে দেশে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে।
বুধবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম।
বিজিবি সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে প্রথম দফায় জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। এদের মধ্যে ৩ জন শিশু, ১২ জন নারী ও ১৭ জন পুরুষ। একই রাতে মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন এবং নোয়াকোট সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পাঠানো হয়। বিজিবির টহল দল সক্রিয় থাকায় তাদের সবাইকে আটক করা সম্ভব হয়।
সুবেদার আবুল কাশেম জানান, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বিএসএফ এ ধরনের পুশইনের চেষ্টা চালায়। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সতর্ক অবস্থানে ছিল এবং দ্রুত অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদের আটক করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক হলেও তারা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন। বর্তমানে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং যাচাই শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশে হস্তান্তর করা হবে।
বিজিবি জানায়, সম্প্রতি সীমান্ত এলাকায় অনুপ্রবেশের প্রবণতা বাড়ছে। এ অবস্থায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||